
চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার পোমরা ইউনিয়নে একটি সনাতনী মন্দিরে চুরির পাশাপাশি প্রতিমা ভাঙচুরের এক ন্যক্কারজনক ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার দিবাগত রাতে ইউনিয়নের বুড়ির দোকান সংলগ্ন মা মগদ্বেশ্বরী মন্দিরে সংঘবদ্ধ দুর্বৃত্তরা এই তাণ্ডব চালায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, গভীর রাতে দুর্বৃত্তরা মন্দিরে প্রবেশ করে মা মগদ্বেশ্বরীর বিগ্রহের হাত-পা ও জিহ্বা ভাঙচুর করে। এসময় প্রতিমার গায়ে থাকা মূল্যবান স্বর্ণালঙ্কার ও কাপড় লুট করে নিয়ে যায় তারা। মন্দিরকে অন্ধকারাচ্ছন্ন করতে বাইরের বৈদ্যুতিক মিটারের তারও কেটে ফেলে দুর্বৃত্তরা। একই সময়ে পাশের একটি শিব মন্দিরেও হামলা চালিয়ে আসবাবপত্র ভাঙচুর করা হয় এবং ভেতরের ধর্মীয় ছবিগুলো পাশের বিলে ফেলে দেওয়া হয়।
রাঙ্গুনিয়ায় ৬ একরের বাগানে ভয়াবহ অগ্নিকাণ্ড: নাশকতার অভিযোগ
আজ শুক্রবার সকালে মন্দিরের পুরোহিত বিমল চক্রবর্ত্তী পূজা দিতে গেলে বিষয়টি প্রথম নজরে আসে। খবরটি ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ ও উত্তেজনার সৃষ্টি হয়। পরে স্থানীয় প্রশাসন ও রাঙ্গুনিয়া মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করে।
ঘটনার তীব্র নিন্দা জানিয়ে জাগো হিন্দু পরিষদের সাংগঠনিক সম্পাদক এবং গীতা শিক্ষা কমিটি পোমরা ইউনিয়নের সাধারণ সম্পাদক পল্লব কান্তি চৌধুরী বলেনঃ
“রাঙ্গুনিয়ায় এর আগে এমন ন্যক্কারজনক ঘটনা ঘটেনি। আমরা এই ঘটনার দ্রুত তদন্ত এবং দোষীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।”
মোবাইল মেরামত করে না দেওয়ায় অভিমান করে কিশোরীর আত্মহত্যা
রাঙ্গুনিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরমান হোসেন জানানঃ
খবর পেয়ে তাৎক্ষণিকভাবে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি গুরুত্বের সাথে খতিয়ে দেখা হচ্ছে। এই ব্যাপারে লিখিত অভিযোগ প্রাপ্তি সাপেক্ষে দ্রুত প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
