

হাটহাজারীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে পিলারে ধাক্কা: কিশোর নিহত, আহত ১ঃ চট্টগ্রামের হাটহাজারী-রাঙ্গামাটি আঞ্চলিক মহাসড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় সাজ্জাদ হোসেন নিহাদ (১৭) নামের এক কিশোর নিহত হয়েছে। এই ঘটনায় মোটরসাইকেলে থাকা তানভির নামের আরও একজন গুরুতর আহত হয়েছেন।
সোমবার (৩০ মার্চ) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে উপজেলার ইছাপুরস্থ সত্তারঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার রাতে দুই বন্ধু সাজ্জাদ ও তানভির মোটরসাইকেল (চট্ট মেট্টো ল ১৮-৮৪৫৫) নিয়ে সত্তারঘাট এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এসময় মোটরসাইকেলটি সড়কের পাশের একটি পিলারে সজোরে ধাক্কা দিলে সেটি দুমড়ে-মুচড়ে যায়। এতে দুই আরোহীই সড়ক থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন।
হাটহাজারীতে মাদরাসাছাত্রীর মরদেহ উদ্ধার; তদন্তে পুলিশ
নিহত সাজ্জাদ হোসেন নিহাদ উপজেলার মেখল ইউনিয়নের পূর্ব মেখল গ্রামের আনন্দবাজার এলাকার আয়নাবাপের বাড়ির শামসুল আলমের পুত্র। সে স্থানীয় পৌরসভার একটি মোবাইল ফোনের দোকানে কর্মরত ছিল।
দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে দায়িত্বরত চিকিৎসক সাজ্জাদকে মৃত ঘোষণা করেন। অন্যদিকে, দ্বিতীয় আরোহী তানভিরের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
রাউজানে কেন্দ্রীয় ছাত্রদল নেতা নুরুল আলমের ৯ম শাহাদৎ বার্ষিকী পালিত
রাউজান হাইওয়ে থানা পুলিশ দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছে। পুলিশ জানায়ঃ
নিয়ন্ত্রণ হারিয়ে পিলারের সাথে ধাক্কা লাগায় এই দুর্ঘটনাটি ঘটেছে। বর্তমানে নিহতের মরদেহ এবং দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটি পুলিশি প্রক্রিয়ায় রয়েছে এবং আহত যুবক চমেক হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

