রাঙ্গুনিয়ায় বালতির পানিতে ডুবে দেড় বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু

রাঙ্গুনিয়ায় বালতির পানিতে ডুবে দেড় বছরের শিশুর মর্মান্তিক মৃত্যুঃ চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় বালতির পানিতে পড়ে মো. ওয়াজিহান নামের ১৮ মাস বয়সী এক শিশুর করুণ মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে রাঙ্গুনিয়া পৌরসভার ইছাখালী ৩নং ওয়ার্ডের পশ্চিম পাড়া এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত ওয়াজিহান ওই এলাকার বাসিন্দা ও জনতা ব্যাংক রাউজান জলিল নগর শাখার ব্যবস্থাপক শাহ আলমের পুত্র।

পারিবারিক সূত্রে জানা যায়, দুপুর ১টার দিকে ওয়াজিহানের মা তাকে বাড়ির ছাদে বালতির পানিতে গোসল করিয়ে নিচে নিয়ে আসেন। এরপর মা গৃহস্থালি কাজের জন্য রান্নাঘরে গেলে শিশু ওয়াজিহান সবার অগোচরে পুনরায় ছাদে চলে যায়। সেখানে গোসলের কাজে ব্যবহৃত বালতিতে জমিয়ে রাখা পানি নিয়ে খেলতে গিয়ে সে অসাবধানতাবশত উপুড় হয়ে ভেতরে পড়ে যায়।

হাটহাজারীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে পিলারে ধাক্কা: কিশোর নিহত, আহত ১

পরবর্তীতে পরিবারের সদস্যরা শিশুটিকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে ছাদে গিয়ে বালতির ভেতর তাকে নিথর অবস্থায় দেখতে পান। দ্রুত উদ্ধার করে দুপুর ১টা ৪৫ মিনিটের দিকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ব্যাংকার শাহ আলমের শিশুপুত্রের এমন অকাল মৃত্যুতে এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। ফুটফুটে এই শিশুর প্রাণহানিতে পরিবার ও আত্মীয়-স্বজনদের মাঝে চলছে শোকাচ্ছন্ন পরিবেশ ও শোকের মাতম।

One thought on “রাঙ্গুনিয়ায় বালতির পানিতে ডুবে দেড় বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু

Comments are closed.