
চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় মাদক সেবন করে নিজ মাকে শারীরিক নির্যাতনের অভিযোগে মো. শহীদুল ইসলাম নামে এক যুবককে আটক করেছে পুলিশ। পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
শুক্রবার (১৭ এপ্রিল) রাত আনুমানিক ১০টার দিকে উপজেলার ছনুয়া ইউনিয়নের খুদুকখালী এলাকায় এই ঘটনা ঘটে। আটককৃত শহীদুল ইসলাম ওই এলাকার মফিজুর রহমানের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, শহীদুল ইসলাম মাদকাসক্ত অবস্থায় বাড়িতে ফিরে তার মায়ের ওপর চড়াও হন এবং তাকে শারীরিক নির্যাতন করেন। খবর পেয়ে বাঁশখালী থানা পুলিশের একটি টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাকে আটক করে।
বাংলাদেশিদের জন্য খুলছে ভারতের মেডিকেল ও বিজনেস ভিসা
আটকের পর রাতেই তাকে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের নেতৃত্বাধীন ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। আদালত অপরাধের গুরুত্ব বিবেচনা করে শহীদুলকে ৩ (তিন) মাসের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেন।
এ বিষয়ে বাঁশখালী থানা পুলিশ জানায়, পারিবারিক সহিংসতা এবং মাদকের বিরুদ্ধে প্রশাসনের অবস্থান অত্যন্ত কঠোর। মাদক ও সহিংসতার মতো সামাজিক অপরাধ দমনে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।
