সীতাকুণ্ডে মসজিদের কক্ষ থেকে ইমামের ঝুলন্ত মরদেহ উদ্ধার

চট্টগ্রামের সীতাকুণ্ডে একটি মসজিদের ভেতর থেকে মোহাম্মদ আমির হোসেন (৪০) নামের এক ইমামের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি বিগত ১৩ বছর ধরে উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের বাংলাবাজার সংলগ্ন রাজা মিয়া সওদাগর জামে মসজিদে ইমামতির দায়িত্বে নিয়োজিত ছিলেন।

গত মঙ্গলবার (২৩ জুন) রাত সাড়ে ১০টার দিকে মসজিদের দ্বিতীয় তলার একটি কক্ষ থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়। নিহত আমির হোসেনের বাড়ি চট্টগ্রামের বাঁশখালী উপজেলায়।

মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক ও মোতোয়াল্লি মোহাম্মদ ইফতেকার আহমেদ জানান, মঙ্গলবার আসরের নামাজে ইমামতি করার পর থেকেই নিখোঁজ ছিলেন আমির হোসেন। মাগরিব ও এশার নামাজে তিনি উপস্থিত না থাকায় প্রথমে সবাই ভেবেছিলেন ব্যক্তিগত কোনো কাজে তিনি বাইরে গেছেন।

কিন্তু দীর্ঘ সময় অতিবাহিত হওয়ার পরও তার কোনো সন্ধান না পাওয়ায় স্থানীয় লোকজন মসজিদের দ্বিতীয় তলায় তার শয়নকক্ষের সামনে যান। কক্ষটি বাইরে থেকে তালাবদ্ধ দেখে সন্দেহ তৈরি হয়। একপর্যায়ে জানালার ফাঁক দিয়ে দেখা যায়, ঘরের ভেতরের ফ্যানের সঙ্গে সবুজ রঙের কাপড় দিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় তার দেহ ঝুলছে এবং নিচে একটি মই পড়ে আছে। পরে পুলিশে খবর দেওয়া হলে তারা এসে মরদেহটি উদ্ধার করে।

ইফতেকার আহমেদ আরও উল্লেখ করেন, ইমামের কক্ষ থেকে একটি চিরকুট (সুইসাইড নোট) উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে, ওই চিরকুটে পারিবারিক কলহের জেরে সৃষ্ট মানসিক দূরবস্থার কথা উল্লেখ রয়েছে। ঘটনার পেছনে অন্য কোনো কারণ আছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।

AL Sheraz