৩৯ বছরে লিওনেল মেসি: ২০২৬ বিশ্বকাপে শুভেচ্ছার জোয়ার

চলমান ২০২৬ ফুটবল বিশ্বকাপের জমজমাট আবহ ও তুমুল উন্মাদনার মাঝেই জীবনের ৩৯তম বসন্তে পদার্পণ করলেন ফুটবল ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ মহাতারকা ও আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক লিওনেল মেসি। গতকাল (২৪ জুন) বিশেষ এই দিনে সাবেক ও বর্তমান সতীর্থ, কোচ এবং বিশ্বজুড়ে কোটি ভক্তদের ভালোবাসায় সিক্ত হয়েছেন ‘ফুটবলের ইতিহাস বদলে দেওয়া’ এই জাদুকর।

বর্তমানে ২০২৬ বিশ্বকাপ মিশনের অংশ হিসেবে আর্জেন্টিনা দলের সঙ্গে যুক্তরাষ্ট্রের কানসাস সিটিতে অবস্থান করছেন মেসি। সেখানে কঠোর অনুশীলনের ব্যস্ত সূচির মাঝেই সতীর্থদের সাথে ঘরোয়াভাবে নিজের ৩৯তম জন্মদিন উদযাপন করেন তিনি।

উল্লেখ্য, কাতারে অনুষ্ঠিত ২০২২ সালের বিশ্বকাপটি নভেম্বর-ডিসেম্বরে হওয়ায় সেবার জন্মদিনে মাঠের বাইরে থাকার সুযোগ পেয়েছিলেন মেসি। তবে তার ক্যারিয়ারের বাকি ছয়টি বিশ্বকাপের মধ্যে পাঁচটির সময়ই রোসারিওতে জন্ম নেওয়া এই তারকার জন্মদিন পড়েছে বিশ্বকাপ চলাকালীন মাঠের ব্যস্ততার মধ্যে।

প্রতিদিন ফুটবলের সকল খবর পেতে ভিজিট করুনঃ ফুটবলের সর্বশেষ খবর

মেসি

লিওনেল মেসির এই বিশেষ দিনটিকে স্মরণীয় করে রাখতে আর্জেন্টিনার সর্বোচ্চ ফুটবল নিয়ন্ত্রক সংস্থা (AFA) তাদের অফিসিয়াল ওয়েবসাইটে একটি আবেগঘন ও দীর্ঘ বিবৃতি প্রকাশ করেছে। এএফএ তাদের বিবৃতিতে লিখেছে:

“আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন আজ লিওনেল আন্দ্রেস মেসিকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছে। তিনি আর্জেন্টিনা জাতীয় দলের অধিনায়ক, পতাকাবাহী এবং প্রতীক। আজ তিনি ৩৯ বছর বয়সে পদার্পণ করলেন এবং বিশ্ব ফুটবলের ইতিহাসে একের পর এক অবিস্মরণীয় পাতা লিখে চলেছেন। বর্তমান বিশ্বকাপে এক বর্ণিল ও অনন্য ভূমিকা তিনি পরম আনন্দে উপভোগ করছেন।”

বার্সেলোনার সাবেক এই কিংবদন্তি ফরোয়ার্ডের গৌরবময় ক্যারিয়ারের নানা অর্জন পুনর্বিবেচনা করে সংস্থাটি আরও যোগ করে:

“৩৯ বছর বয়সে এসেও লিওনেল মেসি শুধু প্রাসঙ্গিকই নন, বরং তিনি এখনও ইতিহাস গড়ে চলেছেন। আর্জেন্টিনার ফুটবল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এই স্বীকৃতি অত্যন্ত সরল ও পরম: এত সুন্দর ফুটবল উপহার দেওয়ার জন্য, অনুকরণীয় দৃষ্টান্ত হওয়ার জন্য এবং জাতীয় গৌরবের এত বড় উৎস হওয়ার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ।”

মেসির জন্মদিনে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে শুভেচ্ছার ঢল নেমেছে। আন্তর্জাতিক ফুটবল সংস্থাগুলোর পাশাপাশি ফুটবলাঙ্গনের শীর্ষ ব্যক্তিত্বরা তাকে শুভেচ্ছা জানিয়েছেন:

ক্লাদিও ‘চিকি’ তাপিয়া (এএফএ সভাপতি): তিনি নিজের অফিসিয়াল হ্যান্ডেলে আবেগঘনভাবে লেখেন, “প্রতিটি অশ্রুবিন্দু, প্রতিটি আলিঙ্গন এবং প্রতিটি চিরন্তন মুহূর্তের জন্য তোমাকে ধন্যবাদ। কেবল পৃথিবীতে টিকে থাকার জন্যই তোমাকে ধন্যবাদ, ১০ নম্বর। শুভ জন্মদিন! তোমার জীবনের সবচাইতে সুন্দর সময় কামনা করি।”

সের্হিও আগুয়েরো (মেসির ঘনিষ্ঠ বন্ধু ও সাবেক সতীর্থ): দীর্ঘদিনের জাতীয় দলের সতীর্থ আগুয়েরো লিখেছেন, “শুভ জন্মদিন বন্ধু। তোমাকে অনেক ভালোবাসি।”

নিওয়েলস ওল্ড বয়েজ (মেসির শৈশবের ক্লাব): সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি বিশেষ পোস্ট শেয়ার করে তারা লিখেছে, “ফুটবলের ইতিহাস। শুভ জন্মদিন, লিও।”

AL Sheraz