

রাউজান উপজেলার অলি মিয়া হাট এলাকায় মুজিব ভান্ডারী (৬০) নামে এক যুবদলের কর্মীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। এনিয়ে রাউজানে গত ১৮ মাসে অন্তত ১৮ জন নিহত হয়েছেন।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) সন্ধ্যার দিকে এ ঘটনা ঘটে। নিহতের বিষয়টি নিশ্চিত করেন রাঙ্গুনিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার মোহাম্মদ বেলায়েত হোসেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, অলি মিয়া হাট এলাকায় অবস্থানকালে সশস্ত্র কয়েকজন দুর্বৃত্ত মুজিব ভান্ডারীকে লক্ষ্য করে গুলি ছোড়ে।
গুলিবিদ্ধ অবস্থায় স্থানীয়রা দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে।

