

চট্টগ্রামের সকল পেট্রোল পাম্পে পুলিশের ২৪ ঘণ্টা নজরদারিঃ চট্টগ্রাম জেলার জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রাখতে এবং কৃত্রিম সংকট ও কালোবাজারি রোধে বিশেষ অভিযান ও তদারকির নির্দেশ দিয়েছেন জেলা পুলিশ সুপার (এসপি) মোহাম্মাদ নাজির আহমেদ খাঁন। জেলার প্রতিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের (ওসি) নিজ নিজ এলাকার পেট্রোল পাম্পগুলোতে দিন-রাত ২৪ ঘণ্টা নিয়মিত পরিদর্শন ও নিবিড় তদারকির দায়িত্ব দেওয়া হয়েছে।
পুলিশ সুপার জানান, পাম্পগুলোতে জ্বালানি তেলের বর্তমান মজুদ, দৈনিক বিক্রয় এবং সরবরাহ পরিস্থিতি সরাসরি পর্যবেক্ষণ করতে হবে। মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের প্রতি কঠোর নির্দেশনা দিয়ে তিনি বলেনঃ
“জ্বালানি তেল নিয়ে কোনো ধরনের অনিয়ম, তথ্যের গরমিল বা তথ্য গোপনের চেষ্টা করা হলে তাৎক্ষণিক আইনানুগ ব্যবস্থা নিতে হবে এবং বিষয়টি দ্রুত ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করতে হবে।”
চট্টগ্রামে বাড়ছে হামের প্রকোপ, ঝুঁকিতে টিকা না পাওয়া শিশুরা
পুলিশ সুপার স্পষ্ট করে জানিয়েছেন যে জ্বালানি তেল অবৈধভাবে মজুদ করা, কৃত্রিম সংকট তৈরি করে জনদুর্ভোগ সৃষ্টি করা কিংবা নির্ধারিত দামের চেয়ে অতিরিক্ত দামে তেল বিক্রি করার কোনো সুযোগ দেওয়া হবে না। তিনি সতর্ক করে বলেনঃ
“কেউ যদি অবৈধ মজুদদারি, কালোবাজারি বা কোনো প্রকার অনিয়মে জড়িত থাকে, তবে তাদের বিরুদ্ধে বিন্দুমাত্র ছাড় না দিয়ে কঠোর আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।”
জ্বালানি তেল সংক্রান্ত সাধারণ মানুষের যেকোনো অভিযোগ অত্যন্ত গুরুত্বের সাথে বিবেচনার নির্দেশ দেওয়া হয়েছে। অভিযোগ পাওয়ামাত্রই তা যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পুলিশ তৎপর থাকবে। জনস্বার্থে জ্বালানির সুষ্ঠু ও নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে পুলিশের এই বিশেষ নজরদারি ও অভিযান আগামী দিনগুলোতে আরও জোরদার করা হবে বলে জেলা পুলিশের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে।
পুলিশের এই কঠোর অবস্থানের ফলে চট্টগ্রামের জ্বালানি বাজারে স্বচ্ছতা ফিরবে এবং সাধারণ মানুষ ভোগান্তি থেকে মুক্তি পাবে বলে আশা করা হচ্ছে।

