ফটিকছড়িতে ডায়াগনস্টিক সেন্টারের কক্ষ থেকে যুবকের মরদেহ উদ্ধার

ফটিকছড়িতে ডায়াগনস্টিক সেন্টারের কক্ষ থেকে যুবকের মরদেহ উদ্ধারঃ চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার দাঁতমারা ইউনিয়নে একটি ডায়াগনস্টিক সেন্টারের কক্ষ থেকে রাশেদুল আনোয়ার টিপু (২৮) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই সময় আরমান (২৬) নামের আরও এক যুবককে অচেতন অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আজ রোববার (৫ এপ্রিল) দুপুরে ইউনিয়নের হেয়াকোঁ এলাকার ‘হেয়াকোঁ পল্লী ডায়াগনস্টিক সেন্টারে’ এ ঘটনা ঘটে। নিহত রাশেদুল আনোয়ার টিপু দাঁতমারা ইউনিয়নের মুহাম্মদপুর এলাকার বাসিন্দা। তিনি ওই ডায়াগনস্টিক সেন্টারে কর্মরত ছিলেন এবং স্থানীয়ভাবে ছাত্রদলের রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন বলে জানা গেছে।

ফটিকছড়িতে কৃষি জমির মাটি কাটার গর্তে পড়ে দুই শিশুর মৃত্যু

স্থানীয় সূত্রে জানা গেছে, আজ দীর্ঘ সময় ডায়াগনস্টিক সেন্টারের একটি কক্ষ ভেতর থেকে বন্ধ ছিল। দীর্ঘক্ষণ কোনো সাড়াশব্দ না পেয়ে স্থানীয়দের মনে সন্দেহের সৃষ্টি হয়। পরে জানালার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করলে দুজনকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। দ্রুত তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়ার পথে টিপুর মৃত্যু হয়। অন্যদিকে, গুরুতর অসুস্থ অবস্থায় আরমানকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

ভুজপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপুল চন্দ্র দে ঘটনার সত্যতা নিশ্চিত করে জানানঃ

“প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি বিষক্রিয়াজনিত কোনো ঘটনা হতে পারে। তবে মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে ময়নাতদন্তের রিপোর্ট প্রয়োজন। রিপোর্ট হাতে পেলে বিস্তারিত জানা যাবে।”

আগামী ২৫ এপ্রিল ফটিকছড়ি সফরে আসছেন প্রধানমন্ত্রী

ওসি আরও জানান, এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ দায়ের করা হয়নি। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে। নিহত রাশেদুলের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।