রাউজানে যুবদল পরিচয়ধারীর এক ব্যক্তির কিরিচের কোপে দুজন আহত

রাউজান নিউজ ডেক্স ঃ

রাউজান উপজেলার ডাবুয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের যুবদলকর্মী পরিচয়ে থাকা আমান উল্লাহ নামের এক ব্যক্তির ছুরিকাঘাতে স্থানীয় দুই যুবক আহত হয়েছে। গতকাল রবিবার (৩১ মে) সকালে পশ্চিম ডাবুয়া এলাকায় এ ঘটনা ঘটে।
এই ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। ক্ষুদ্ধ এলাকাবাসী অভিযুক্ত আমানকে ধরতে বাড়িতে গিয়ে তার ঘরে হামলা করে। এসময় একটি মোটরসাইকেল ভাংচুর করে আমানকে না পেয়ে তার মা-বাবাকে মারধর করে।

 

এই ঘটনায় ছুরিকাঘাতে আহত হাদা গাজীর বাড়ির নুরুল আবছারের ছেলে মো. হাসান (২০) ও একই এলাকার হাড়ি চান চৌধুরীর বাড়ির মরহুম কামালের ছেলে হাবিবুর রহমান সিফাত (২০)কে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। বর্তমানে তারা চিকিৎসাধীন আছে বলে স্বজনরা জানিয়েছে।
স্থানীয় বিএনপি নেতা কামাল উদ্দিন বলেছেন ঘটনার সঙ্গে জড়িত দুই পক্ষ একই এলাকার বাসিন্দা। তাদের মধ্যে সৃষ্ট বিরোধ আপস-মীমাংসার উদ্যোগ নেওয়া হয়েছে। রাউজানের সংসদ সদস্য গিয়াসউদ্দিন কাদের চৌধুরীর নির্দেশনায় এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখার চেষ্টা করেছি।

 

আহতদের একজন মো. হাসান বলেন আমি ও সিফাত বাজার থেকে বাড়ি ফেরার পথে আমান উল্লাহ আমাদের পথরোধ করে। পূর্বের বিরোধের জেরে সে আমাদের ওপর অতর্কিত হামলা চালায়। কিছু বুঝে ওঠার আগেই ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপাতে শুরু করে। আমরা প্রাণ বাঁচাতে দৌড়ে পালানোর চেষ্টা করি। পরে স্থানীয় লোকজন এগিয়ে এসে আমাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
অভিযুক্ত আমান উল্লাহর পিতা শাহা আলম বলেন, আমার ছেলের সঙ্গে কী ঘটনা ঘটেছে আমি জানি না। ঘটনার সংবাদ পেয়ে ঘটনাস্থলে যাওয়া রাউজান থানা পুলিশের এস আই রাজান বলেন, কয়েকজনকে কুপিয়ে আহত করার পর এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়। উত্তেজিত জনতাকে সামাল দিতে পুলিশ কাজ করছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। অভিযুক্তকে আইনি প্রক্রিয়ার মাধ্যমে বিচারের আওতায় আনার বিষয়ে এলাকাবাসীকে আমরা আশ্বস্ত করেছি।